২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ আহত

রাজধানীর কাফরুল থানা এলাকার বাইশটেকে বৃহস্পতিবার সন্ত্রাসীরা বাসায় ঢুকে গৃহবধূ ঝর্ণা আক্তারকে (৩০) গুলি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ঝর্ণা মিরপুর ১৩ নাম্বার সেক্টরের ১/২ পশ্চিম বাইশটেকের ঠিকাদার লুৎফর রহমান লতীফের স্ত্রী। সন্ত্রাসীরা চাঁদা দাবিতে এ হামলা চালায়।

আহত গৃহবধূ জানান, দুপুর পৌনে দুইটার দিকে ৪/৫ জন সন্ত্রাসী বাসায় ঢুকে তার স্বামীর খোঁজ করে। তাকে না পেয়ে এলোপাতাড়ি ৪/৫ রাউন্ড গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার বাম পায়ে একটি গুলি লাগে। পরে প্রতিবেশীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরো জানান, এর আগে শিকদার নামে একজন খোরশেদ গ্রুপের সদস্য পরিচয় দিয়ে তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়।

কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক বাবুল হোসেন রাত আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে তখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।