২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পৌর চেয়ারম্যান ও এক শিক্ষকের বাড়ির মালামাল জব্দ

বগুড়ার গাবতলী পৌরসভা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও শিক্ষক হামেদ আলীর বাড়ির মালামাল বৃহস্পতিবার সকালে জব্দ করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেট নির্মাণ ও দোকান ঘর বরাদ্দের নামে প্রায় পৌনে ১২ লাখ টাকা আত্মসাৎ মামলায় আদালতের নির্দেশে পাঁচ আসামির বাড়িতে অভিযান চালানোর সময় এসব মালামাল জব্দ করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর চেয়ারম্যান মোরশেদ মিল্টন, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামেদ আলী, স্কুল পরিচালনা পরিষদের সদস্য তাহের আকন্দ, আলমগীর হোসেন ও শফিকুল ইসলাম।

পাঁচ জনের বাড়িতে অভিযান চালানো হলেও তাহের আকন্দ, আলমগীর হোসেন ও শফিকুল ইসলামের বাড়িতে তেমন কিছু না থাকায় পুলিশ তা জব্দ করেনি।

গত ৯ ফেব্রুয়ারি রাতে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বাদী হয়ে মিল্টনসহ ছয়

জনের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গত ৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেছেন। এতে ১১ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার কথা উল্লেখ করা হয়।

আদালত গত ১২ এপ্রিল পুলিশকে পাঁচজনের বাড়ির মালামাল জব্দের নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে গাবতলী থানা পুলিশ মিল্টনের বাড়ি থেকে একটি বক্স খাট, কাঠের ১১টি হাতলওয়ালা চেয়ার, স্টিলের আলনা একটি, ব্যায়াম মেশিন একটি, বেতের সোফা সেট চারটি, ডিভিডি সেট একটি, দোলনা চেয়ার চারটি ও বেডসাইড একটি এবং শিক্ষক হামেদ আলীর বাড়ি থেকে একটি খাট ও দু’টি চেয়ার জব্দ করেছে।