সাভারে রিভলবারসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের পাহাড়িয়া বাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার ভোর রাতে রিভলবারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম হোসেন ওরফে অপু (২৮) ও মোশারফ হোসেন খান ওরফে মোশারফ (২৮)।
র্যাব-১১ সাভার ক্যাম্পের উপ-সহকারী পরিচালক আনছার আলী জানান, বুধবার রাত দুইটা থেকে পাহাড়িয়া বাড়ি এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিচ্ছে জানতে পেরে ভোর সাড়ে চারটার দিকে র্যাব-১১ এর আর্মড উপ পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা কাউন্দিয়ার পাহাড়িয়া বাড়ির এলাকার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের মার্কেটের পিছন থেকে ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
এ সময় র্যাব সদস্যরা সেলিম হোসেনের কাছ থেকে একটি রিভলবার, দুটি মোবাইল ফোন ও মোশারফের কাছ থেকে আরেকটি মোবাইল ফোন উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাব-১১ উপ-সহকারী পরিচালক আনছার আলী বাদী হয়ে সাভার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
