মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার উদ্যোগ
মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ে। তবে প্রশাসনে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের তালিকাই এতদিন ছিল না সরকারের কাছে। তাই এখন তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কালাম মাহবুবুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন নিয়েই একটি প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তাবটি চূড়ান্ত বিবেচনার জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে।”
তিনি জানান, কোন পর্যায়ে কতজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী এখন চাকরি করছেন তার একটি তালিকা তৈরি করবে সংস্থাপন মন্ত্রণালয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীর তালিকা সরকারের কাছে নেই। অতীতের সরকারগুলো এই ধরনের কোনও তালিকা তৈরি বা সংরক্ষণ করেনি। এই কারণে মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরের কাছ থেকে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এই ধরনের কোনও তালিকা তাদের কাছেও নেই।
প্রশাসন ক্যাডারের একজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন ক্যাডারে এখন ২৫ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তা রয়েছে। এদের অধিকাংশই এই বছরের মধ্যেই অবসরে চলে যাবেন।
অন্য ক্যাডারে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সংখ্যা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর নির্ধারিত রয়েছে। এই বয়সসীমা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। পাবলিক সার্ভিস অবসর গ্রহণ আইন ১৯৭৪ অনুযায়ী এই বয়সসীমা কার্যকর রয়েছে।
অবসর নেওয়া সংক্রান্ত এই বয়সসীমা ব্রিটিশ আমল থেকে চালু আছে। চাকরিতে প্রবেশের বয়স পুনঃনির্ধারণ করা হলেও অবসরের বয়সসীমা নতুন করে নির্ধারণ করা হয়নি।
সরকারি চাকরিতে অবসরের বয়স ৫৭ থেকে ৬০ বছর নির্ধারণের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময় এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
