২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে শ্রমিকরা, খালিশপুরে ১৪৪ ধারা

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে বুধবার আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সন্ধ্যায় খালিশপুরের পাবলা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে রাত আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে ১৬ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় দুই হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও খালিশপুর থানা পুলিশ জানায়, বুধবার সকাল ৭টায় নতুন রাস্তার মোড়ে প্লাটিনাম, ক্রিসেন্ট ও স্টার জুট মিলের কয়েক হাজার শ্রমিক একজোট হয়ে মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ শুরু হয়।

বিক্ষুদ্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়তে শুরু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ লাঠিচার্জ করে।

দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মিছিলকারীরা পিছু হটে যায়। এরপর তারা আবার সংগঠিত হয়ে প্লাটিনাম জুট মিলের সামনের রেল লাইন তুলে ফেলে এবং রাস্তার বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

ওই তিন মিল কর্তৃপক্ষ বিকেল চারটায় বকেয়া বেতন ভাতার বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। পাট সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাওনা বেতন বাবদ মিলগুলো কত টাকা দিতে পারবে বিজেএমসি কর্তৃপক্ষ তা বলতে না পারায় ৬টার দিকে আলোচনা ভেঙে যায়।

এর পরপরই কয়েক হাজার শ্রমিক আবারো বিক্ষোভ শুরু করে। এবারো পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।

সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ে। শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকদের ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা পিছু হটে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাবলা পুলিশ ফাঁড়িতে আগুন দেয়। এতে ফাঁড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ সময় সংঘর্ষে পুলিশের সহকারী কমিশনার সাঈদুর রহমান ও মো. নজরুল ইসলাম, এসআই উত্তম কুমারসহ ১৬ পুলিশ সদস্য আহত হন।

অন্যদিকে শাহ আলম জানান, পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেটের আঘাতে কমপক্ষে ৪৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে মুনসুর (৪৫), আসমা (২৫), আবু নাসির (৩৫), মাহবুব (৪০), হেদায়েত (৩৫), নূর ইসলাম (৪২), রুস্তম (৪৮) ও আবু তাহের (২৮) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপরে কেএমপি’র উপ পুলিশ কমিশনার (সদর) মেজবাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষে কতজন পুলিশ আহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শুনেছি ৮/১০ জনের মতো আহত হয়েছেন।”

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে বুধবার রাত সাড়ে আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় দুই হাজার শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। খালিশপুর থানার এসআই আলী আকবর মাতব্বর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সংঘর্ষের কারণে বুধবার সারাদিন খালিশপুরে থমথমে অবস্থা বিরাজ করে। এলাকার অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। প্লাটিনাম, ক্রিসেন্ট ও স্টার জুট মিলে কোনো কাজ হয়নি।

বেতন ভাতার দাবিতে ওই তিন মিলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন। বিক্ষোভে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

বিজেএমসির খুলনা অঞ্চলের সমন্বয়কারী শেখ শামীম আহমেদ জানান, প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের ১৮ সপ্তাহের মজুরি বাবদ ১০ কোটি ৮০ লাখ টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের সাত মাসের বেতন বাবদ ২ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া রয়েছে।

ক্রিসেন্ট জুট মিলের কাছে শ্রমিকরা ১২ সপ্তাহের মজুরি বাবদ ৭ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা এবং কর্মচারীরা চার মাসের বকেয়া বেতন বাবদ এক কোটি ৮০ লাখ টাকা পাওনা রয়েছেন।

অন্যদিকে স্টার জুট মিলের শ্রমিকদের ১৮ সপ্তাহের মজুরি বাবদ ৬ কোটি ২৭ লাখ টাকা এবং কর্মচারীদের চার মাসের বেতন বাবদ এক কোটি টাকা বকেয়া রয়েছে।