২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ১

পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে বুধবার দুপুরে ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ঘটনার পর পুলিশ মেহেদী হাসান নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর-মালিবাগ রুটের ফাল্গুন পরিবহনের একটি সিটিং সার্ভিস বাস দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজের সামনে পৌঁছালে কয়েকজন ছাত্র বাসটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু চালক না থামালে বিক্ষুব্ধ ছাত্ররা ধাওয়া করে বাসটি আটক করে। বাসের চালক ও শ্রমিকদের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে ছাত্ররা ৬/৭ টি যানবাহন ভাংচুর করে এবং ফাল্গুন পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওই এলাকায় টহলরত র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের ধাওয়া করলে তারা কলেজ ক্যাম্পাসের ভেতর পালিয়ে যায়।

এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে মেহেদী হাসান নামে মানবিক প্রথম বর্ষের এক ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে মেহেদীর মুক্তির দাবিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করে।

নিউমার্কেট থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাসটির চালক বেলাল হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।