ছবিসহ ভোটার তালিকা করতে অনুদান দেবে ইউএনডিপি
ছবিসহ ভোটার তালিকা তৈরিতে অনুদান দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
বুধবার নিজ কার্যালয়ে নির্বাচন কশিনার সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউএনডিপির মধ্যে মঙ্গলবার যৌথ বৈঠক হয়। ওই বৈঠকেই অনুদানের আশ্বাস মেলে।
ছহুল হোসাইন বলেন, “ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র করতে প্রায় ৪০০ কোটি টাকা প্রয়োজন। এর কিছু অংশ সরকার দেবে। তবে অর্থের বড় অংশ বিদেশ থেকে সংগ্রহের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।”
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার কাছে আর্থিক সাহায্য চেয়ে নির্বাচন কমিশন ইআরডির মাধ্যমে বুধবার চিঠি দিয়েছে বলে জানান তিনি।
ছহুল হোসাইন বলেন, “২৬ এপ্রিল সুশীল সমাজের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আমরা মতবিনিময় কার্যক্রম শুরু করছি। এরপর সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।”
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা রোববার সাংবাদিকদের জানান, ছবিসহ ভোটার তালিকা করতে কমিশনের দেড় বছর সময় লাগবে।
তত্ত্বাবধায়ক সরকার ইতোমধ্যেই ২০০৮ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে। কমিশন মনে করছে, এর ফলে ভোটার তালিকা তৈরিসহ অন্যান্য কাজের পরও নির্বাচনের প্রস্তুতির জন্য তারা দু’তিন মাস সময় পাবেন।
ঋণ, কর, ও বিল খেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা, রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধীকরণ, সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিধান যুক্ত করে নির্বাচনী আইন সংস্কারে কাজ শুরু করছে কমিশন।
এছাড়া আচরণবিধিতেও বেশ কিছু সংস্কার আনা হচ্ছে।
