২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা দেশে ফিরলে পরিস্থিতির অবনতি হবে: সরকার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 02:44 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়েছে, “সাম্প্রতিক অতীতে তার (শেখ হাসিনা) নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বহীন লাগাতার আন্দোলন ও কর্মকাণ্ডের কারণে সৃষ্ট অরাজক পরিস্থিতিতে দেশের জন-শৃঙ্খলা বিপর্যস্ত ও নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে পড়ে এবং ফলে অনিবার্যভাবেই জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।”

এ অবস্থায় হাসিনাকে দেশে ফিরে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা তা অবশ্য এ প্রেসনোটে স্পষ্ট করে বলা হয়নি।

প্রেসনোটে বলা হয়, বিদেশে অবস্থানকালেও বিভিন্ন সভা-সমাবেশ এবং দেশি ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বিভিন্ন উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন শেখ হাসিনা। এ অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরে আগের মতোই উস্কানিমূলক বক্তব্য ও জন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালাতে পারেন। যার ফলে দেশের আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার এবং বিরাজমান স্থিতিশীলতা বিঘ্নিত এবং জন-নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আওয়ামী লীগের আবেদনের কথা উল্লেখ করে প্রেসনোটে বলা হয়, সরকার জনস্বার্থে বর্তমান অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই ব্যবস্থা সাময়িক।

প্রেসনোটের মাধ্যমে দেশের সব বিমান ও স্থলবন্দরে কর্মরত ইমিগ্রেশন বিভাগ, সব এয়ারলাইনস কর্তৃপক্ষসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মহা-পুলিশ পরিদর্শককেও এ বিষয়ে আবশ্যক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের এক জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে সরকারের দায়িত্বশীল এক ব্যক্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলকে টেলিফোন করে হাসিনাকে দেশে না ফেরার অনুরোধ করেন।

তবে এ বিষয়ে আবদুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। এটা রাজনীতিবিদদের বোঝা উচিত।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও গুজবের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, “কোনও কোনও সংবাদপত্রে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি পাঠাবো। এতে সার্বিক অবস্থা তুলে ধরা হবে।”

২৩ এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সব প্রস্তুতিই নিয়ে রাখে আওয়ামী লীগ। এই জন্য মঙ্গলবার তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল স্বাক্ষরিত ওই চিঠিটি যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার সময় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সাংবাদিকদের জানান, ২৩ এপ্রিল ভোর পাঁটটায় বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে শেখ হাসিনা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং টিকিট নিশ্চিত করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও এম এ মতিন মঙ্গলবারও সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা সরকার করছে না।

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, দুই নেত্রীকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কোনো উদ্যোগ সরকারের নেই।

শেখ হাসিনার ২৩ এপ্রিল দেশের ফেরার ব্যাপারে যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, তিনি নিজে বিদেশে গেছেন, আবার নিজ থেকেই ফিরে আসবেন। এতে সরকারের কোনো বাধা নেই।

এর আগে ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তখন উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে কথা বলে শেখ হাসিনার দেশে ফেরা পেছানোর অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে দেশে ফেরা সে বারের মতো স্থগিত করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা অবশ্য দেশে ফেরার বিষয়ে তার দৃঢ়প্রতিজ্ঞার কথা বিভিন্ন সময়ে নানা কথায় স্মরণ করিয়ে দেন। তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা ও হত্যার অভিযোগ উড়িয়ে দিয়ে শেখ হাসিনা ১১ এপ্রিল বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জেল-জুলুম-মামলা তিনি পরোয়া করেন না।

আওয়ামী লীগ সভানেত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “তারা মামলা দিচ্ছে। আরও মামলা দেবে। যদি মনে করে মামলা দিয়ে আমার দেশে ফেরা বন্ধ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন।”

ব্যক্তিগত সফরে ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্যেই তার বিরুদ্ধে নয় এপ্রিল তিন কোটি টাকা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এর দুই দিন পরও হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয় তার বিরুদ্ধে।