সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার বাড়িতে টাস্কফোর্সের অভিযান
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার বাড়িতে দুর্নীতি দমন কমিশনের টাস্কফোর্স ও যৌথবাহিনী মঙ্গলবার সাড়ে চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে।
নগরীর টুটপাড়া ৫০ নং ইস্ট লিংক রোডের বাড়ি ছাড়াও সুজার মালিকানাধীন অধুনালুপ্ত স্থানীয় দৈনিক পাঠকের কাগজের কার্যালয়, গ্লাক্সো মোড়ের বাড়ি এবং বটিরঘাটা উপজেলার সাচিবুনিয়ায় তার স্ত্রীর নামে থাকা একটি মৎস্য ঘেরেও অভিযান চলেছে। এ সময় তার সম্পদের খোঁজখবর নেওয়া হয়।
এর আগে সোমবার টাস্কফোর্স ও যৌথবাহিনী মোস্তফা রশিদী সুজার বাড়িতে গিয়েও কেউ না থাকায় ভেতরে ঢুকতে পারেনি। ওই সময় দুর্নীতি দমন কমেশনের উপ পরিচালক মনিরুজ্জামান খান ঢাকায় থাকা সুজার স্ত্রী খোদেজা রশিদীর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং মঙ্গলবার দুপুরের মধ্যে খুলনায় এসে কমিশনে জমা দেওয়া সম্পত্তির হিসেবের তালিকা দেখানোর সময়সীমা বেঁধে দেন।
মঙ্গলবার মোস্তফা রশিদী সুজার স্ত্রীর উপস্থিতিতে সকালে টাস্কফোর্স দাখিল করা তালিকা যাচাই বাছাই করে।
মনিরুজ্জামান খান জানান, যাচাই-বাছাই ছাড়াও সুজার অঘোষিত সম্পত্তি, তিনি কোনো দুর্নীতি বা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, আয়ের উৎস সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছেন তারা।
প্রসঙ্গত সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন।
