রাজশাহীতে সেনাবাহিনীর গাড়ি উল্টে আহত ১৯
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর লালাদীঘি এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর একটি রসদবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে ১৭ সেনা সদস্যসহ ১৯ জন আহত হয়েছেন।
বগুড়া থেকে রেশন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।
আহত সেনা সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, বগুড়া ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি গাড়ী রেশন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় গোদাগাড়ীর বিজয়নগর লালাদীঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এতে গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ল্যান্স কর্পোরাল মাসুদ, আলিম হাসান, সানোয়ার আলী, জুবায়ের, মাজহারুল, ফিরোজ, সার্জেন্ট শাহাদত হোসেন, সৈনিক আলমগীর হোসেন, আবদুর রশিদ, সাইফুল, মিজানুর রহমান, আবদুল জলিল, রানা খান, ইব্রাহিম, আসাদুজ্জামান, মাস্টার ওয়ারেন্ট একেএম আলাউদ্দিনসহ ১৭ সেনা সদস্য আহত হন। অপর সেনা সদস্যের নাম জানা যায়নি। এ সময় তাদের সঙ্গে গাড়িতে থাকা নাপিত আনিসুর রহমান এবং বাবুর্চি আফজাল হোসেনও আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত দুজনকে বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
