রুপালী ব্যাংক হস্তান্তরে বাংলাদেশ প্রস্তুত: প্রাইভেটাইজেশন কমিশন চেয়ারম্যান
সরকার রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক হস্তান্তর করতে প্রস্তুত। যে কোনো মুহূর্তে রুপালী ব্যাংক নতুন মালিক প্রিন্স বন্দর এর কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী।
আবু সোলায়মান চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা প্রস্তুত। এখন ওদের (ক্রেতা) জন্য অপেক্ষা করছি।”
ব্যাংকটি হস্তান্তরে জটিলতা আছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “কোনও জটিলতা বা সমস্যা নেই”।
ক্রেতা ব্যাংকটি কিনতে আগ্রহ হারিয়ে ফেলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা সত্য নয়।
তিনি বলেন, সৌদি যুবরাজ বন্দরের আইন উপদেষ্টার সঙ্গে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা চলছে।
যুবরাজ বন্দর বিন মুহাম্মদ আবদুল রহমান আল-সউদ গত বছর ব্যাংকটির ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিক্রয়ের সরকারি প্রস্তাবে সর্ব্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। তিনি ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ারের জন্য ৩৩ কোটি ডলার দাম প্রস্তাব করেন। এছাড়া যুবরাজ ১২ কোটি ৮০ লাখ ডলার মূল্যে সরকারের কাছে থাকা বাকি ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব করেন।
সরকার যুবরাজের প্রস্তাবিত মূল্যে ২৬ শতাংশ শেয়ার বিক্রির জন্য গত ২২ ফেব্রুয়ারি নীতিগতভাবে রাজি হন।
সরকার ও নতুন ক্রেতা বেশ কিছু জটিল বিষয়ে সমাধান করতে না পারায় রুপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
গত মাসে যুবরাজ বন্দরের ঊর্ধ্বতন উপদেষ্টা ফ্রাঙ্ক পিটারস রুপালী ব্যাংকের শেয়ার ক্রয় ও বিক্রয় চুক্তি স্বাক্ষরের আগে বিভিন্ন বিষয় নিষ্পত্তির জন্য প্রাইভেটাইজেশন কমিশনকে চিঠি দেন।
বিনা আয়করে তিনশ বিদেশী উপদেষ্টা নিয়োগসহ ২১ টি বিষয় চিঠিটিতে উল্লেখ করা হয়। তিনশ বিদেশী উপদেষ্টাকে তাদের আয়ের ৯০ শতাংশ পর্যন্ত দেশে পাঠাতে দিতে হবে বলে এই চিঠিতে
দাবি করা হয়।
অন্যান্য অমীমাংসিত বিষয়ের মধ্যে অবসর স্কিম, পেনশন এবং গ্র্যাচুইটি স্কিম, অনাদায়ী ঋণ, রুপালী ব্যাংক ভবন সংক্রান্ত জটিলতা এবং ঋণ পুনর্বিন্যাস ও এর শ্রেণীকরণ ইত্যাদি রয়েছে।
