২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ এপ্রিল থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু

২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ বাজারে বোরো সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। প্রতি কেজি ১৬ টাকা দরে এবার মোট ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত ‘খাদ্য নিরাপত্তা ও পর্যবেক্ষণ এবং পরিধারণ কমিটি’ এর বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

ডিজেলের বর্ধিত দামের কারণে কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও সরকার পূর্ব নির্ধারিত প্রতি কেজি ১৬ টাকা দরেই চাল কেনার নিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে তপন চৌধুরী বলেন, “বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে সরকার ক্রয়মূল্য ১৬ টাকার বেশি করার চিন্তা এখন করছে না। সংগ্রহ অভিযান শুরুর পর পরিস্থিতি অনুযায়ী দাম পুনর্নিধারণের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।”

উপদেষ্টা বলেন, “২৪ এপ্রিল থেকে খোলা বাজারে বিক্রি বা ওএমএস বন্ধ হয়ে যাবে। চলতি মৌসুমে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিও বন্ধ থাকবে। এই কর্মসূচির জন্য বরাদ্দ করা এক লাখ ১৭ হাজার মেট্রিক টন চাল ওএমএস কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে।”

চাল বিক্রির ক্ষেত্রে কৃষক যাতে মধ্যস্বত্ত্বভোগীর কাছে জিম্মি হয়ে না পড়ে সেজন্য প্রথম দিন থেকেই সংগ্রহ অভিযানে নিবিড় পর্যবেক্ষণ চালানো হবে বলে জানান তিনি।