২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাজারীকা অফসেট প্রিন্টার্স ও সাপ্তাহিক হাজারীকা’র মালামাল জব্দ

শহরের মাস্টার পাড়ায় আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর ‘হাজারীকা অফসেট প্রিন্টার্স’ ও সাপ্তাহিক হাজারীকা’র অফিস থেকে সোমবার বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:33 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শফিকুর রহমান গত ৮ এপ্রিল হাজারীর বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আদালত তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে এবং মালামাল জব্দের নির্দেশ দেয়। এর পরই পুলিশ এসব মালামাল জব্দ করে।

২০০১ সালের ১৭ আগস্ট হাজারী পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো তার মালামাল জব্দ করা হলো।

বিকাল তিনটার দিকে ফেনীর সহকারি পুলিশ সুপার (সার্কেল) আপেল মাহমুদের নেতৃত্বে পুলিশ হাজারীকা অফসেট প্রিন্টার্স ভবনে গিয়ে মূল ফটকের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় অফসেট মেশিন, তিন হাজার কেভি জেনারেটর, প্লেট মেকিং মেশিন ও একটি পেপার কাটিং জব্দ করেন তারা। এ ছাড়া এয়ার কুলারসহ বেশ কিছু মালামালও জব্দ করা হয়।

পরে পাশের ‘সাপ্তাহিক হাজারীকা’ অফিসে অভিযান চালিয়ে দুটি স্টিলের আলমারি, একটি অ্যাকুরিয়াম, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল জব্দ করেন তারা।

জব্দ করা মালামালের মধ্যে ভারী মালামাল স্থানীয় বাসিন্দা ও অফিসের তত্ত্বাবধায়ক মিহির আচার্যের জিম্মায় রাখা হয়েছে। বাকিগুলো নিয়ে যাওয়া হয়েছে থানায়।

সহকারি পুলিশ সুপার সার্কেল আপেল মাহমুদ মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।