২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ বিভাগে ৬০০ অতিরিক্ত শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১৯টি বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে এবং চলতি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে নির্ধারিত আসনের চেয়ে ৬০০রও বেশি শিক্ষার্থীকে ভর্তির মনোনয়ন দিয়েছে ‘খ’ ইউনিটের ভর্তি কমিটি। একে বড় ধরনের অনিয়ম হিসাবে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তারা মনে করছেন, মেধাক্রম ঠিক রেখেও ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসেন শুভ

অবশ্য ‘খ’ ইউনিটে ভর্তি কমিটির প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন অনিয়মের অভিযোগ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিভাগুলোর মতামত নিয়েই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির মনোনয়ন দেওয়া হয়েছে। আসন সংখ্যা বাড়ানোর এখতিয়ার ডিনের আছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি বিপুল সংখ্যক ভুয়া শিক্ষার্থী ধরা পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুয়া শিক্ষার্থী খুঁজে বের করতে কর্তৃপক্ষ সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে অর্ধ শতাধিক ভুয়া শিক্ষার্থী খুঁজে পেয়েছে।

কলা অনুষদের ডিনের বিরুদ্ধে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণেœর অভিযোগ থাকলেও তদন্ত কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এজন্য এই কমিটি কতটা প্রভাবমুক্তভাবে অনিয়ম অনুসন্ধান করতে পারবে তা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অতিরিক্ত ভর্তির বিষয়টি খতিয়ে দেখা উচিত। ভর্তি জালিয়াতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাইরের লোকজন জড়িত রয়েছে। এটা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করা উচিত।

কলা অনুষদ কার্যালয় থেকে পাওয়া হিসাব অনুযায়ী ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সাধারণ ভর্তি কমিটির অনুমোদিত আসনের চেয়ে কেবল কলা অনুষদেই অতিরিক্ত ৩শ ৪৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষেও সমান সংখ্যক অতিরিক্ত শিক্ষার্থীকে ভর্তির মনোনয়ন দেওয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে অতিরিক্ত ভর্তি করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ আবদুস সালাম বলেছেন, চলতি বছর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার বিভাগের মতামত ডিন আমলে নেননি। ডিনের কার্যালয় থেকে মনোনয়ন দেওয়া অতিরিক্ত শিক্ষার্থীদের ভর্তি করতে সাংবাদিকতা বিভাগ আপত্তি জানালে উপাচার্যের উপস্থিতিতে বৈঠকে সেটি সুরাহা হয়।

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ব্যাপারে প্রশ্ন করা হলে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, বিভাগের মতামতকেই ভর্তি ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সাধারণ ভর্তি কমিটি বিভাগের মতামত নিয়ে আসন বাড়ানোর এখতিয়ার ডিনকে দিয়েছে। অবশ্য এক্ষেত্রে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, দেশের সার্বিক অবস্থা ও শিক্ষার্থীদের কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানো উচিত। তিনি বলেন, অতিরিক্ত ভর্তির ক্ষেত্রে মেধাক্রম অনুসরণ করা হয়েছে বলে এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।

তার কথার বিরোধিতা করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, সাধারণ ভর্তি কমিটির অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির এখতিয়ার কোনো ডিনের নেই। মেধাক্রম ঠিক রেখেও ভর্তিতে লেনদেন হতে পারে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আবাসন, পরিবহন, স্বাস্থ্য, গ্রন্থাগার, শ্রেণীকক্ষ, শিক্ষক সংখ্যা, শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ বিবেচনা করে ভর্তি কমিটি আসন সংখ্যা নির্ধারণ করেছে। সাধারণ ভর্তি কমিটিতে উপাচার্য, সব ডিন ও বিভাগীয় চেয়ারম্যান থাকেন। আসন বাড়ানোর প্রয়োজন হলে ওই কমিটি বাড়াতে পারে।

অপরিকল্পিতভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে শিক্ষার মান ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে তিনি মনে করেন। এছাড়া ভুয়া শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার সঙ্গে অতিরিক্ত ভর্তির বিষয়টিরও যোগাযোগ থাকতে পারে।

প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বলেন, শ্রেণীকক্ষে ৫০ জনের বেশি শিক্ষার্থী থাকা বাঞ্ছনীয় নয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ হয় না। এখন শ্রেণীকক্ষে শিক্ষকরা কখনো ধর্মব্যবসায়ী বা অভিনেতাদের মতো কথা বলে যান। যোগাযোগের দিক থেকে এটা খুবই অকার্যকর।

নিজের বিভাগ লোক প্রশাসনের সব বর্ষেই অতিরিক্ত শিক্ষার্থী আছে বলে জানান তিনি।