২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে নিহত ১

জেলার সাতকানিয়ায় রোববার রাতে একটি বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে রমজান আলী (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রমজান আলী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, নিহত রমজান আলী সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের রুম্মা পাড়ায় তার ভাগ্নে মো. আলমগীরের মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। রোববার রাতে এ অনুষ্ঠান চলাকালে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতদের লুটপাটের সময় রমজান বাধা দিতে চেষ্টা করলে ডাকাত দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তার বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী নলুয়া গ্রামে।

ওসি আরও জানান, এ বিষয়ে ডাকাতির একটি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে শিগগিরই অভিযান শুরু করা হবে।