২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলা খারিজে হাইকোর্টে তারেকের আবেদনের শুনানি শেষ, মঙ্গলবার রায়

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এককোটি টাকা চাঁদাবাজি মামলা খারিজের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার রায় দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।

তারেক রহমানের পক্ষে শুনানিতে অংশ নিয়ে সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান বলেন, দ্রুত বিচার আইনে দাযের করা এ মামলাটি গ্রহণযোগ্য হতে পারে না কারণ এ আইনের ১৯ ধারায় বলা হয়েছে, ঘটার অভিযোগপত্র ৬০ দিনের মধ্যে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে অভিযোগপত্র দেওয়া হয়েছে ৬৪ দিনের মাথায়। এ ছাড়া অপরাধকারীকে হাতেনাতে ধরা না হলে এ আইনে বিচার হতে পারে না।

মামলার বিবরণ অনুযায়ী তারেক রহমানের জনৈক ঠিকাদার আমিন আহমেদের কাছে গত ৩০ ডিসেম্বর এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা তারেকের ব্যক্তিগত সচিবের কাছে দেওয়া হয় গত ৪ জানুয়ারি। আমিন কন্সট্রাকশনের মালিক আমিন আহমেদ ৮ মার্চ গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি করেন। অভিযোগপত্র দেওয়া হয়েছে ১৮ মার্চ।

সরকারপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল আবদুর রউফ বলেন, দ্রত বিচার আইনে এ মামলা করা হয়নি। মামলা করা হয়েছে জরুরি ক্ষমতা আইনে। এ আইনের ৮ এপ্রিলের সংশোধনীর আলোকে তারেক রহমানের বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলা চলবে।

এ সময় আদালত বলে, আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়েছে ৬৪ দিন পরে।

টিএইচ খানকে শুনানিতে সহায়তা করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও ব্যারিস্টার নাওশাদ জমির।

৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তারের পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।

চাঁদাবাজি মামলার এজাহারে বলা হয়েছে, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।

এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।

আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।

এ রায়ের পর এ মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার কথা রয়েছে। ৫ এপ্রিল মামলা খারিজের আবেদন করা হয়েছে জানিয়ে তারেকের আইনজীবীরা অভিযোগ গঠন পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক আবদুর রউফ খান ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।