২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো আটক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আটক করা হয়েছে। ঢাকা সেনানিবাসে মায়ের বাসা থেকে রোববার রাত সোয়া ১টার দিকে তাকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 02:07 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রাত ১২টায় যৌথবাহিনীর সদস্যরা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনের সামনে উপস্থিত হয়। ২০ মিনিট পর মূল ফটক পেরিয়ে তারা বাসার চত্বরে অবস্থান নেয়। এরপর কোকোকে বাসা থেকে ডেকে বের করে ১২টা ৫০ মিনিটে গাড়িতে তোলা হয়। বেশ কিছু সময় গাড়িতে বসিয়ে রাখার পর সোয়া ১টার দিকে তাকে নিয়ে রওনা দেয় যৌথবাহিনী।

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ রাত পৌনে তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিনিধি অনিকা ফারজানাকে বলেন, “হ্যাঁ, তাকে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি আর কিছু জানাতে অস্বীকৃতি জানান।

খালেদা জিয়ার বাসার একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে জানান, যৌথবাহিনীর সদস্যরা দৃশ্যত তল্লাশির জন্য বাসার আঙ্গিনায় প্রবেশ করে। এরপর আরাফাত রহমানকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তবে কোথায় কোকোকে নিয়ে যাওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওই কর্মচারী বলেন, “কোকোকে নিয়ে যাবার সময় তার মা জানতে চান কী কারণে এবং কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মকর্তারা কোন জবাব দেননি। এসময় পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। আরাফাতও কাঁদতে থাকেন।”

‘রহমান নেভিগেশন’ সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আরাফাত রহমান অ্যাডভান্স অ্যাড নামে একটি বিজ্ঞাপনী সংস্থাও চালান। গত মাসে ওই সংস্থার বনানী অফিসে দু’দফা তল্লাশি করে যৌথবাহিনী।

অভিযোগ রয়েছে, জোট সরকারের আমলে আরাফাত রহমানের বিজ্ঞাপনী সংস্থা অ্যাডভান্স অ্যাড রাজধানীতে বিলবোর্ডের ইজারা নিয়ে সিটি করপোরেশনকে কোন বিল পরিশোধ করেনি। প্রভাবখাটিয়ে আকর্ষনীয় স্থানগুলোতে বিলবোর্ড স্থাপন করে বিপুল ব্যবসা করেছে এই প্রতিষ্ঠান।

দেশে জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ শহীদ মইনুল সড়কের বাসা থেকেই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে যৌথবাহিনী আটক করে নিয়ে যায়। ৪০ দিনের মাথায় তার ছোট ভাই আরাফাতও আটক হলেন। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় মঙ্গলবার তাকে দ্রুত বিচার আদালতে হাজির করা হবে।