২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসকো আরো ছয় হাজার প্রি-পেইড-মিটার বসাবে উত্তরায়

রাজধানীর উত্তরা এলাকায় আরো ছয় হাজার প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিদ্যুত সরবরাহ কোম্পানি লিমিটেড (ডেসকো)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এর আগে একই এলাকায় প্রাথমিকভাবে পাঁচ হাজার প্রি-পেইড মিটার বসিয়েছিল ডেসকো। প্রথম প্রচেষ্টায় সাফল্য পাওয়ার পর নতুন করো আরো ছয় হাজার মিটার বসানোর সিদ্ধান্ত নিলো তারা।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি মিরপুরে বছরে ৫০ হাজার প্রি-পেইড মিটার উৎপাদনক্ষম একটি কারখানাও স্থাপন করবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠিত ওই কারখানার কার্যক্রম চলতি মাসেই শুরু হবে।

সচিবালয়ে বিদ্যুত ও জ্বালানী মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এক প্রস্তাবনা উপস্থাপনকালে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালেহ আহমেদ এ তথ্য দেন।

বাংলাদেশের বিদ্যুত খাতের উন্নয়নে প্রি-পেইড মিটারের কার্যকারিতা নিয়ে ডেসকো এ প্রস্তাবনাটি উপস্থাপন করে। এতে দেশে প্রি-পেইড মিটারের উদ্ভাবক বুয়েটের শিক্ষক অধ্যাপক লুৎফুল হকও মিটারের ওপর একটি উপস্থাপনা উত্থাপন করেন।

বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী, বিদ্যুত সচিব একেএম জাফর উল্লাহ খান এবং জ্বালানী ও খনিজ সম্পদ সচিব এএমএম নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

ডেসকোর উপস্থাপনায় বলা হয়েছে, ডেসকো ইতোমধ্যে উত্তরা মডেল টাউনে পাঁচ হাজার মিটার বসিয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এসব মিটার স্থাপনে ডেসকোর চার কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এতে বিদ্যুত বিল আদায়ে বেশ সাফল্য পাওয়া গেছে। এ কারণে একই এলাকায় আরো ছয় হাজার প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালেহ আহমেদ জানান, বুয়েট প্রি-পেইড মিটার আবিস্কারের পর এ পর্যন্ত তাদের কাছ থেকেই সংগ্রহ করে এসব মিটার স্থাপন করা হয়েছে। বর্তমানে এ মিটারের চাহিদা বেড়ে যাওয়ায় ডেসকো নিজস্ব অর্থায়নে একটি মিটার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে বুয়েট সহযোগিতা করবে। এ কারখানার মাধ্যমে প্রতি বছর দেশে ৫০ হাজার প্রি-পেইড মিটার উৎপাদন সম্ভব হবে। দেশের চাহিদা মিটিয়ে এ থেকে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে।

উপদেষ্টা তপন চৌধুরী প্রস্তাবনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, ডেসকো বর্তমানে বিভিন্ন বাসা-বাড়িতে প্রি-পেইড মিটার স্থাপন করছে। এতে বিদ্যুত চুরি বন্ধ হওয়ায় রাজস্ব আয় বেড়েছে। কিন্তু দেশের শিল্প-কারখানাগুলোতে এখনো বিদ্যুত চুরি হচ্ছে। এসব বন্ধের জন্য প্রি-পেইড মিটার স্থাপন করা প্রয়োজন।

তিনি প্রাথমিকভাবে অন্তত: এক হাজার কারখানায় প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।