২০০৮ সাল শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০০৮ সাল শেষ হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
দায়িত্ব নেয়ার তিন মাস পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, “আমি পরিস্কার ভাষায় বলতে চাই, আমরা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবো না। আমার দৃঢ় বিশ্বাস ২০০৮ সাল শেষ হওয়ার পূর্বেই জনগণের প্রত্যাশিত সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।”
প্রধান উপদেষ্টা আবারও দৃঢ়তার সঙ্গে বলেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তরই এ সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, পুনর্গঠিত নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং শক্তিশালীকরণের প্রক্রিয়া চলছে। নির্বাচনের অনুকূল পরিবেশ ও কাক্সিক্ষত নির্বাচনী কাঠামো তৈরির লক্ষ্যে কমিশন বিভিন্ন সংস্কার কার্যক্রমের সূচনা করেছে। কমিশন ইতোমধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশোধনীর খসড়া প্রস্তুত করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধন নির্বাচনী সংস্কারের একটি প্রধান অংশ। রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চ্চা সম্পর্কে দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীরা যাতে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী হন সেজন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়ন ও আইডি কার্ড তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু আগামী নির্বাচন নয়, দীর্ঘমেয়াদে সব নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ ু হয় এবং অর্থ ও পেশীশক্তিসহ সব ধরনের অনভিপ্রেত প্রভাবমুক্ত থাকে, তার একটি টেকসই কাঠামো স্থাপন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ২৩ মিনিটের ভাষনে প্রধান উপদেষ্টা বলেন, “পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতিসহ অন্যান্য গুরুতর অপরাধ দমনে জাতীয় সমন্বয় কমিটি এবং দেশব্যাপী টাস্কফোর্স গঠন করা হয়েছে। জরুরী বিধিমালায় আনা হয়েছে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন। আমরা চাই যত দ্রুত সম্ভব দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও অন্যান্য গুরুতর অপরাধীকে দেশের প্রচলিত আইনের আওতায় বিচারের সম্মুখীন করতে।”
তিনি বলেন, বিচার ও নির্বাহী বিভাগ পৃথকীকরণের আইনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রশাসনিক পদায়ন ও নিয়োগে রাজনৈতিক মতাদর্শ, দলীয় আনুগত্য বা প্রভাব যাতে কোনোভাবেই কার্যকর না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। পুনর্গঠনসহ সরকারি কর্মকমিশনের আমূল সংস্কার বিবেচনাধীন আছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তার ভাষনে বলেন, রপ্তানি আয়, বৈদেশিক বিনিয়োগ ও জনশক্তি প্রেরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমান অর্থবছরের প্রথম নয় মাসেই বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের পরিমান ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। শেয়ার বাজারে অতীতের লেনদেনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যবসায়ীরা এখন অনাকাক্সিক্ষত হস্তক্ষেপ ও চাঁদাবাজি থেকে মুক্ত। জরুরি অবস্থার কারণে কিংবা দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযানে নির্দোষ কোনো ব্যবসায়ীকে যাতে অযথা হয়রানি করা না হয়, সে ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বি ডি আর ও আনসার কর্তৃক খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের ব্যবস্থা, ও এম এস কার্যক্রমে চাল বিক্রির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, টঙ্গী ও রাউজানসহ ছয়টি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করে প্রায় ৪০০ মেগা-ওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে বিদ্যুৎ খাতে যে পাহাড়সম সমস্যা পুঞ্জীভূত হয়েছে, তা সমাধানে ধৈর্য ধারণ ছাড়া আপাতত আমাদের কোনো বিকল্প নেই।
প্রধান উপদেষ্টা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আর্থিক খাতে সংস্কার এবং শিল্প খাতে উৎপাদনমুখী কর্মকান্ডের প্রসারকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। দেশে স্থানীয় সরকারকে কার্যকর করার উদ্দেশ্যে সরকার ও নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা বিবেচনা করছে।
সশস্ত্র-বাহিনীর অবদান ও সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সশস্ত্র-বাহিনীর গৌরবোজ্জ ¡ল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে। অভ্যন্তরীণ শান্তি-শৃংখলা বজায় রাখা, বেদখলকৃত জমি উদ্ধার ও দুর্নীতি-বিরোধী কর্মসূচীতে তারা প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ড. ফখরুদ্দীন আহমদ দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন। এর আগে ২১ জানুয়ারি তিনি প্রথম ভাষন দেন। বাংলা নর্ববর্ষের ঠিক আগ মুহূর্তে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হয়।
