নাটোরে বিশেষ টাস্কফোর্সের অভিযান, ২৫ ব্যবসায়ীকে জরিমানা
ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ, দোকান প্রতিষ্ঠান ও স্যানিটারি কর্মকর্তা সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স বৃহস্পতিবার নাটোরের নিচাবাজারে অভিযান চালিয়ে ২৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নগদ এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সর্বোচ্চ এক লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ফেন্সি বেকারি থেকে।
এসব অভিযানে ময়লা আবর্জনার মধ্যে খাদ্য প্রস্তুত, খাবারের প্যাকেটে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার অভিযোগ প্রমাণিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, অভিযানকালে বিশুদ্ধ খাবার আইনে ছয়টি, পণ্যের মান নিয়ন্ত্রণ আইনে তিনটি, সঠিক পরিমাণ ও বাটখারা নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়। ম্যাজিস্ট্রেট আরিফ পাশা ভ্রাম্যমান আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন।
