দেশে ফিরলে শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা ছিল: মইনুল হোসেন
দেশে ফিরলে চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা ছিল। বর্তমান আইনে এ সুযোগটা রয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
“বিদ্যামান আইনের গলদটাই এখানে। যে কারো বিরুদ্ধে থানায় প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দিলেই মামলা চালু হয়ে যায় এবং তাকে গ্রেপ্তারের সুযোগ তৈরি হয়। ফৌজদারি কার্যবিধি ১৮৬১ সালের। এটা পরিবর্তন করার সময় হয়েছে” সচিবালয়ে নিজ দপ্তরে বলেন তিনি।
তিনি বলেন, “আইন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে। কমিশন প্রস্তাব আকারে পাঠাতে বলেছে। তারপর বিষয়টি তারা দেখবে।”
তিনি জানান, এই আইনে অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর নিজেকে রক্ষার সুযোগ পায় কম।
মইনুল হোসেন বলেন, “এই ধরনের মামলা যার বিরুদ্ধে করা হয়, তার মৌলিক অধিকার রক্ষার গুরুত্ব থাকে না। আমি অনেকদিন ধরে এর বিরুদ্ধে কথা বলে আসছি। এই গলদগুলো দুর করার দায়িত্ব ছিল রাজনৈতিক সরকারগুলোর। কিন্তু তারা কেউই এ দিকে নজর দেয়নি।”
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আইনে মামলা হওয়ায় এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একই আইনে সাধারণ মানুষকেও হয়রানির মুখে পড়তে হয়।
মইনুল হোসেন জানান, মামলা দায়েরের পর বিবাদী পালিয়ে গেলেও কোনও সমস্যা নেই। কারণ বিবাদীর অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করা যায়। রায় অনুযায়ী যে কোনও সময় তাকে গ্রেপ্তার করা যাবে।
এ ধরনের মামলা হওয়ার পর থানার ওসি বা তদন্ত কর্মকর্তার নিজস্ব বিচার বিশ্লেষণ এবং নিবিড় তদন্ত করা উচিৎ বলেও জানান উপদেষ্টা।
