চৌদ্দগ্রামে আগুনে এক পরিবারের ৪ জনের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছিওড়া গ্রামে বুধবার গভীর রাতে আগুনে পুড়ে নয় মাসের শিশুসহ এক পরিবারের চার জন মারা গেছেন।
মৃতরা হলেন গৃহকর্তা মো. আলী নুর (৩৪), তার স্ত্রী মাকসুদা (২৪), ছেলে আব্দুল্লাহ ইবনে আলী ওরফে শান্ত (৫) ও মেয়ে জুরেয়িরা বিনতে আলী (নয় মাস)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, রাত তিনটার দিকে দোচালা টিনের ঘরে আগুন লাগে।
ঘরে রাখা হারিকেন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
