ঝিনাইদহে দুই মাদ্রাসা শিক্ষকের কাণ্ড!
শৈলকুপা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে বুধবার দুই শিক্ষকের মধ্যে মারামারি ও একে অপরকে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দাখিল ফাইনাল পরীক্ষার কৃষি বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা ছিল। শৈলকুপা মাদ্রাসার শিক্ষক কোরবান আলী ও পাঁচপাকিয়া মাদ্রাসার শিক্ষক আতাহার হোসেনের একই রুমে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পড়ে। তাদের একজন প্রতি বেঞ্চে তিনজন এবং অপরজন চারজন করে ছাত্র বসতে বলেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি এবং জুতা দিয়ে পেটানো পর্যন্ত গড়ায়। খবর পেয়ে কেন্দ্র সচিব ও অন্য শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।
রাতে শৈলকুপা মাদ্রাসার অধ্যক্ষ কেন্দ্র সচিব মো. আকতারুজ্জামান এ ঘটনায় পরীক্ষায় যোগাযোগ সৃষ্টির অভিযোগ এনে শৈলকুপা থানায় একটি মামলা করেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঈন উদ্দিন বলেন, “অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
