ব্রাহ্মণবাড়িয়ার ঝড়-বিধ্বস্ত গ্রামের বাসিন্দারা খোলা আকাশের নিচে
নাসিরনগর উপজেলার ওপর দিয়ে বুধবার বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে স্তব্ধ হয়ে গেছে শতাধিক গ্রাম। কমপক্ষে দেড় হাজার কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
বুধবার সরেজমিন ভলাকুট, কুন্ডাসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ঘর-বাড়ি হারিয়ে লোকজন না খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে। চুলায় আগুন ধরানোর সামর্থ্যও অনেকের নেই। ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
ঝড়ে বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় পুরো নাসিরনগরে গত দু দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শিলা-বৃষ্টির কারণে চলতি ইরি-বোরো মাঠের উঠতি ফসল ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী জানান, উপজেলায় ঘুর্ণিঝড়ে দেড় হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিয়ে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করা হয়েছে। জেলা প্রশাসক ১৫ মেট্রিক টন খয়রাতির চাল বরাদ্দ দিয়েছেন। এ থেকে পরিবার প্রতি ১০ কেজি করে চাল দেওয়া হবে।
তিনি বলেন, “এ সাহায্য খুবই অপ্রতুল। ফলে নাসিরনগর উপজেলায় কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।”
কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ওমরাহ খান জানান, ইউনিয়নের প্রায় প্রতিটি কাঁচা-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র খযরাতির চাল দিয়ে তাদের কিছুই হবে না। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মানে সরকারী সহায়তা দরকার।
তিনি বলেন, এ বছর ইরি-বোরো মওসুমে চিটার কারণে কৃষকরা এমনিতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর কাল বৈশাখীর তাণ্ডবে বাকিটুকুও ধ্বংস হয়ে গেছে।
