২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীবন্দরে ২ ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, লঞ্চ চলাচল বন্ধ

শেষ চৈত্রে বঙ্গোপসাগরে ভেসে বেড়ানো মেঘের প্রভাবে সারাদেশে ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দেশের নদীবন্দরগুলোতে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত এবং সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের কোনো লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না। (আরও তথ্যসহ)

আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বৃহস্পতিবার জানান, দেশের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এ মুহূর্তে কোনো লঘুচাপ নেই। তবে যেকোনো সময়ই দমকা বাতাস দেখা দিতে পারে বলে নদী ও সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত মেঘ জমে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। আগামীকালের (শুক্রবার) মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দুপুর ১২টা পর্যন্ত খুলনায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ মিলিমিটার, সিলেটে দুই মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩৭ মিলিমিটার এবং ঢাকায় এক মিলিমিটার।

রাজধানীর সদরঘাটের বিআইডাব্লিউটিএ কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের কোনো লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানেও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলারগুলো কুয়াকাটা, আলীপুর, মহিপুর, মৌডুবী, রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকায় নোঙ্গর করে রয়েছে।