২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার সক্রিয় থাকলে গণতন্ত্র সুসংহত হবে: বিউটেনিস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বলেছেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলে বাংলাদেশের গণতন্ত্র আরো সুসংহত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, “গণতন্ত্র ও সুশাসনের প্রধান ভিত্তি ইউনিয়ন পরিষদ। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের একটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনের জন্য উদগ্রিব ছিলাম।”

বেমর্তা ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশে গণতন্ত্র আরো সুসংহত হবে।”

তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ছেড়ে যেতে বলে তিনি ব্যাথিত বলে জানান।

বুধবার সকালে বেমর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এস.এম.এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে ইউএসএআইডির গভর্নেন্স ডেমক্রেসি অ্যান্ড এডুকেশন বিভাগের পরিচালক টড সরেনসন, একই বিভাগের উপদেষ্টা নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রেস কর্মকর্তা মেরিনা ইয়াসমিন, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ, পরিচালক রফিকুল ইসলাম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় বেমর্তা ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, নিজস্ব অর্থে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও স্থানীয় নাগরিকদের সাথে পরিষদের জনপ্রতিনিধিদের সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করে বক্তৃতা করেন মহিলা ইউপি মেম্বর রাজিয়া বেগম, নাগরিক ফোরামের সম্পাদক তৈয়েবুর রহমান, স্থানীয় নারী নেত্রী আমেনা বেগম ও মর্জিনা বেগম।

পরে বিউটেনিস খানজাহান (র:) এর মাজার ও ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন যাদুঘরে সংরক্ষিত স্মারক বইতে স্বাক্ষর করেন।

বুধবার রাতে তিনি খুলনায় অবস্থান শেষে বৃহস্পতিবার সুন্দরবন ভ্রমণ করবেন এবং ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন।

খুলনা, বাগেরহাট ও যশোরে তিন দিনের সফরে তিনি গত মঙ্গলবার খুলনা পৌঁছান।