সি এম কয়েস সামি দুই দিনের রিমান্ডে
ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামিকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কয়েস সামির বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে সাত দিনের রিমান্ডের জন্য ৪ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেন।
বুধবার দুপুরে কয়েস সামির উপস্থিতিতে মহানগর হাকিম মোছাম্মৎ কামরুন্নাহার আবেদন শুনানি শেষে দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্ত কয়েস সামি অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজসে বাংলাদেশের সবচে বড় অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে। দেশে বিদেশে ব্যাংক দুর্নীতির ঘটনা প্রকাশ পাওয়ায় বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। মামলার আলামত উদ্ধার ও ঘটনার তথ্য উদঘাটন এবং আত্মসাৎ করা টাকা কোথায়, কিভাবে গোপন করা হয়েছে তা উদ্ধারের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া দরকার।
আদালতে কয়েস সামির রিমান্ডের আবেদন বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট এটিএস গোলাম গাউস, আশরাফুল হক জজ প্রমুখ আইনজীবী। তারা বলেন, “এ মামলায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর প্রতিবেদন রয়েছে। ওই প্রতিবেদনে মামলার অভিযোগ সম্পর্কিত তদন্তের বিস্তারিত বিবরণ রয়েছে। সুতরাং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আর কোনও প্রয়োজন নেই।”
প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি এবং মালিকপক্ষ ওবায়দুল করিমসহ ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং কর্মচারির বিরুদ্ধে মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশের প্রেক্ষাপটে ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী হন ওরিয়েন্টাল ব্যাংক কারওয়ান বাজার শাখার সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট কাজী মানজুর হোসেন।
২৫ মার্চ সিএম কয়েস সামি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক মোহাম্মদ মমিনুল্লাহ তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২৪ জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান পরিচালনামণ্ডলীকে হুঁশিয়ারি দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “মামলা করার ক্ষেত্রে গড়িমসি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক দুর্দশায় পড়া ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর এই কেলেঙ্কারি ফাঁস হয়। অভিযুক্তরা ভুয়া অ্যাকাউন্ট ও ভাউচার দিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাত করেছিল বলে অভিযোগ এসেছে। ১৯৯৪ সাল থেকেই ওরিয়েন্টালকে “সমস্যাগ্রস্ত ব্যাংক” হিসেবে মানা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকবার নির্দেশনা দেওয়ার পরও ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ আর্থিক সমস্যার উন্নতিতে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সমস্যা মেটাতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়।
১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার পর ২০০৫ সালে ব্যাংকটি নাম বদল করে। ওরিয়ন গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো শতকরা ৮৩ ভাগ শেয়ার কিনে নেয় তাদের।
প্রসঙ্গত, কয়েস সামি কোতয়ালী থানায় দায়ের করা ১৫ কোটি টাকা আত্মসাতের মামলারও এজাহারভুক্ত আসামী।
