২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নকল দলিল ও জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

রাজধানীর শ্যামপুরের দক্ষিণ ধনিয়ার রহমানবাগ এলাকা থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ নকল রাজস্ব ও নন জুডিশিয়াল স্ট্যাম্পসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এগুলো বিক্রি করা সম্ভব হলে তারা প্রায় সাড়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নিতো বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 01:33 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

গ্রেপ্তারকৃতরা হলো হাজী আক্তার হোসেন (৪২) ও মো.আকরামুল হক (৩৪)।

সোমবার রাত ২ টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

র‌্যাব-৩ এর কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১৭ লাখ টাকা সমমানের নকল স্ট্যাম্প ছাড়াও তারা আরও তিন বস্তা অর্ধপ্রস্তুত অবস্থায় নকল জাল রাজস্ব ও নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করেছেন।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই দলিল ও স্ট্যাম্প নকলের কাজ করছে। তাদের নামে ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাও আছে।”

তিনি আরও জানান, বিভিন্ন ব্যাংকের অসাধু কর্মচারীদের সহায়তায় এরা এ ধরনের জালিয়াতি করে আসছে বলে স্বীকার করেছে। এদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী সময়ে ওইসব অসাধু কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের যাত্রাবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।