২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ৪ কোটি টাকার চাঁদাবাজি মামলা

নারায়ণগঞ্জে বিএনপি দলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ৪ কোটি ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মঙ্গলবার মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 01:07 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বাংলাদেশ চুন প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়াসউদ্দিন ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এদের মধ্যে গিয়াসউদ্দিন এবং এক সহযোগী আলাউদ্দিন মুনশি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক আছেন। অপর চার আসামির নাম জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এস আই মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ চুন প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব বাদী হয়ে গিয়াস ও তার সহযোগীদের বিরুদ্ধে ৪ কোটি ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মামলা (মামলা নং-২১) দায়ের করেছেন। তিনি নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা।

যৌথবাহিনী সূত্র জানায়, ২০০২ সালে চুন প্রস্তুতকারক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুন্দর আলীর নেতৃত্বে ব্যবসায়ীরা ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গিয়াসউদ্দিন প্রতি মাসে তাদের কাছ থেকে ২ কোটি টাকা করে চাঁদা আদায় করেছেন।

এই সংবাদ সম্মেলনের কয়েকদিন পরেই সুন্দর আলী শহরের বঙ্গবন্ধু সড়কের আমলাপাড়া মোড়ে আততায়ীর গুলিতে নিহত হন।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন ঘোষিত শীর্ষ ৫০ তালিকাভুক্ত দুর্নীতিবাজের অন্যতম গিয়াসউদ্দিন গত ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেছেন।

অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের দায়েরকৃত একটি মামলায় তিনি বর্তমানে জেলা কারাগরে আটক রয়েছেন।