ভুয়া পরিচয়ে কারারক্ষী!
ভুয়া পরিচয়ে নোয়াখালী জেলা কারাগারে মাসের পর মাস কারারক্ষীর চাকরি করার পর মঙ্গলবার ধরা পড়েছে সফিকুল ইসলাম ও হাবিবুর রহমান নামে দুজন।
সফিকুল ইসলাম নোয়াখালী জেলা কারাগারে কামাল উদ্দিন নামে চাকরি করতেন। অন্যদিকে হাবিবুর রহমান নিজেকে পরিচয় দিতেন আবু জাহের নামে। মঙ্গলবার বিকেলে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করে।
নোয়াখালীর জেলা কারা তত্ত্বাবধায়ক মিজানুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফিকুল ও হাবিবুরের পরিচয় গোপনের ব্যাপারটি এতদিন নজরে আসেনি। তাদের ভুয়া পরিচয় সনাক্ত হবার পর কারা পোষাক খুলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুল হক জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী মঙ্গলবার সকালে কারাগার পরিদর্শনে যান। কুশল বিনিময়ের সময় কারারক্ষী কামাল উদ্দিন (২৫) ও আবু জাহের (২৬) চট্টগ্রাম জেলার বাঁশখালী ও আনোয়ারার বাসিন্দা পরিচয় দিলে জেলা প্রশাসক তাদের সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করেন। কিন্তু কারারক্ষীরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে না পারায় জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
এরপর জেলা ম্যাজিস্ট্রেট ফজলুল হকের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের প্রকৃত নাম ও বাসস্থানের কথা স্বীকার করে। সফিকুল ইসলামের বাড়ি কুমিল্লার উত্তরতেঁতা ভূমিতে এবং হাবিবুর রহমানের বাড়ি একই জেলার ব্রহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া গ্রামে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, কুমিল্লার কোটা না থাকায় সফিকুল ইসলাম ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ৮০ হাজার টাকা ও হাবিবুর রহমান ২০০৬ সালের ৩০ অক্টোবর ৭৫ হাজার টাকা ঘুষ দিয়ে চট্টগ্রামের কোটায় কারারক্ষী হিসেবে নিয়োগ পায়। ঘুষের টাকা সিলেটের কারারক্ষী শাহজাহানকে দেওয়া হয়েছিল।
নিয়োগের পর তারা নোয়াখালী জেলা কারাগারে চাকরিতে যোগ দেয়।
সফিকুল ও হাবিবুরকে নোয়াখালীর সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
