শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ
আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
দূর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার পূর্ব নির্ধারিত শুনানির দিনে স্পেশাল জজ আবদুল কুদ্দুসের আদালত মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দেন।
দেশে জরুরি অবস্থা জারির পরে দুর্নীতি দমন কমিশন ঘোষিত শীর্ষ ৫০ জন তালিকাভূক্তদের অন্যতম শামীম ওসমান তার ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে-বেনামে থাকা সম্পদের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেননি।
এই অভিযোগে দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে গত ৪ এপ্রিল স্পেশাল জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে আদালত একই দিন শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
শামীম ওসমান নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হওয়ায় আদালত তার অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। আগামী ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার শুনানি চলাকালে পুলিশ আদালতকে জানায়, শামীম ওসমানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।
গুরুতর অপরাধ ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল শামীম ওসমানকে ধরিয়ে দিতে গত ৭ এপ্রিল বিশ্বজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা (রেড নোটিশ) জারি করেছিল।
