হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার এজাহার আদালতে গ্রহণ
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তিন কোটি টাকার চাঁদাবাজির মামলার এজাহার আদালত গ্রহণ করেছে।
মঙ্গলবার বিকেল তিনটায় এজাহারটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম মীর আলী রেজা তা গ্রহণ করে স্বাক্ষর করেন এবং ১০ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক সোমবার রাজধানীর তেজগাঁও থানায় আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে তিন কোটি টাকা চাঁদা আদায় করেন।
মামলার বাদী তাজুল ইসলাম ফারুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ওই সময়ের ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৮৫, ৩৮৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলায় তাজুল ইসলাম অভিযোগ করেন, পিডিবি ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর খুলনা, হরিপুর, শিকলবাহা এবং বাঘাবাড়িতে বার্জ মাউন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে তাজুলের কোম্পানি ওয়েস্ট মন্ট অফসোর বাংলাদেশ লিমিটেডসহ আরও কয়েকটি কোম্পানি দরপত্র জমা দেয়। দরপত্র যাচাই শেষে ১৯৯৭ সালের ১৩ মার্চ পিডিবি প্রকল্প স্থাপনের জন্য সঙ্গে চুক্তি সাক্ষর করে। কিন্তু ১৯৯৮ সালের বন্যার কারণে ওই প্লান্ট বসাতে কিছুটা দেরি হয়।
বাদীর অভিযোগ, ওই সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদার তাকে টেলিফোনে বলেন, ব্যবসা রক্ষা করতে হলে তার নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।
তাজুল ইসলাম দাবি করছেন, ভয় পেয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে বলেন মানু মজুমদারকে।
বাদীর দাবি, পরে তিনি মানুকে নিয়ে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং কিছু টাকা চাঁদা দিতে রাজিও হন।
“কিন্তু পুরো তিন কোটি টাকা চাঁদা না দিলে চুক্তি বাতিল করা হবে বলে জানিয়ে দেন শেখ হাসিনা। আর চাঁদা না দিলে শুধু কার্যাদেশ বাতিল নয়, হাত-পা ভেঙ্গে পঙ্গু করে জেলে পাঠানো হবে বলেও শেখ হাসিনা হুমকি দেন।”-অভিযোগ তাজুল ইসলামের।
মামলায় তিনি জানান, বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে দেরি হওয়ায় পিডিবি ৯/১২/৯৮ তারিখে চুক্তি বাতিলের জন্য অনুমতি চেয়ে বিদ্যুত মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। তখন তাজুল ইসলাম গণভবনে গিয়ে মোট তিন কোটি টাকা (সব পাঁচশ টাকার নোট, প্রতি বান্ডিলে ৫০ হাজার টাকা করে ছয়শ বান্ডিল) একটি বড় সুটকেসে ভরে শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। ওই সময় মানু তার সঙ্গে ছিলেন।
তাজুল ইসলাম আরও জানান, আসামিদের সঙ্গে বেআইনী অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের সম্পর্ক থাকায় এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অনেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় মামলা করার সাহস পেয়েছেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে কোরিয়ান যুদ্ধজাহাজ এবং রাশিয়ান মিগ-২৯ উড়োজাহাজ ক্রয়ে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলা দুটি দায়ের করা হয়।
