সাতক্ষীরায় চাঁদবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সভাপতি ও লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলিমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার রাতে শহরের ইটাগাছা হাটের মোড়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে একাধিক হত্যা, অপহরণ, ভূমি দখল ও চাঁদাবাজি ছাড়াও সন্ত্রাসী বাহিনী লালনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আন্দোলন ও দু দফায় সংবাদ সম্মেলনও হয়েছে এর আগে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবদুল আলিমকে বিশেষ ক্ষমতা আইনে ও একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান আব্দুল আলিম সদর উপজেলার খেজুর ডাঙ্গা গ্রামের আবুল কাসেমের পুত্র।
