শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনের সময়সীমা বাড়ল
শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য এলসি খোলার সময়সীমা দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এলসি খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
সোমবার সচিবালয়ের সভাকক্ষে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় বন ও পরিবেশ উপদেষ্টা সিএস করিম এ কথা জানান।
বিজিএমইএ নেতৃবৃন্দও ইটিপি স্থাপনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মেনে নিতে রাজি ছিলেন না। তারা নিজেদের সুবিধাজনক সময়ে ইটিপি স্থাপনে আগ্রহী ছিলেন। সভায় উপদেষ্টা তাদের দাবি মেনে নিয়ে বলেন, “কারখানার শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা করে সরকার ইটিপি স্থাপনে কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
উপদেষ্টা বলেন “শিল্পের প্রসার জরুরি। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তবেই তা করতে হবে। নির্দেশনা মেনে নেওয়া না হলে শিল্প কারখানা বন্ধ করে দেওয়া যেতে পারে। কিন্তু তাতে দেশের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা তা চাই না। আমরা চাই কারখান মালিকরাই এ ব্যপারে তাদের আন্তরিকতা দেখাক। তারা নিজেরাই ইটিপি স্থাপন করছেন, এটা দেখতে চাই আমরা। প্রয়োজনের সরকার এ ব্যপারে তাদের সাহায্য করবে।”
শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনে ব্যবসায়ীদের পরিকল্পনা জানতে আয়োজিত এ সভায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সিরাজউদ্দিন মিয়া, বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, সহ-সভাপতি এটিএম শামসুদ্দিন, বেপজার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সিএস করিম সাংবাদিকদের বলেন, “ইটিপি স্থাপনে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এলসি খোলার জন্য কারখানা মালিকদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের দাবির কারণে তা আরো দুই মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে ইটিপি স্থাপনের জন্য তাদেরকে আট মাস সময় দেওয়া হলো। তারা প্রক্রিয়া শুরু করলে প্রয়োজনে সময় আরো বাড়ানো হবে। প্রয়োজনে সহজ শর্তে ঋণ দেবে সরকার। তবে তারা যে এ ব্যপারে সত্যিই আন্তরিক এটা আমাদের দেখাতে হবে।”
সভা শেষে বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “ইটিপি স্থাপনের প্রক্রিয়া শেষ করতে প্রায় দেড় বছর সময় লাগবে। বিষয়টি আমরা উপদেষ্টাকে জানিয়েছি। তিনি আমাদের আন্তরিকতা দেখতে চেয়েছেন। আমরা এ ব্যপারে আমাদের পরিকল্পনা আগামী দুই সপ্তাহের মধ্যে উপদেষ্টাকে জানাবো।
