এপ্রিলের শেষে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন
এ মাসের শেষে সংস্কার আইন নিয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। এছাড়া ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকেদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “এপ্রিল মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নির্বাচনী সংস্কার আইন নিয়ে আমরা সুশীল সমাজের সঙ্গে আলোচনা শুরু করব। ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে কথা বলব রাজনৈতিক দলগুলোর সঙ্গে।”
এসব আলোচনায় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়েও মত বিনিময় করা হবে বলেও জানান ছহুল হোসাইন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ঘরোয়া রাজনীতি ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেন। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্তের কথা কমিশনকে জানিয়েছে কিনা, প্রশ্ন করা হলে ছহুুল হোসাইন বলেন, “সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এটি জানার সময় এখনও হয়নি।”
