২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সোমবার একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক রাজধানীর তেজগাঁও থানায় আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 11:27 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারকে মামলার আসামি করা হয়েছে। বিচারে দোষী প্রমাণিত হলে হাসিনাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে হাসিনা তিন কোটি টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ করা হয় মামলাটিতে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কাজ শুরু করেছেন।

মামলার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “মামলায় যে ঘটনার কথা বলা হয়েছে তারপর পাঁচ বছর কেটে গেছে। এ পাঁচ বছর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল। তখন কোনো মামলা হয়নি। এখন এ মামলা দায়েরের ঘটনা সন্দেহের উদ্রেক করে।”

শনিবার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র সফররত শেখ হাসিনা সরকারকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক অভিহিত করে বলেন, দীর্ঘদিন জরুরি অবস্থা দিয়ে দেশ চালানো যায় না। দেড় বছরের আগে নির্বাচন করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন হাসিনা।

হবিগঞ্জ সংবাদদাতা হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরকারী তাজুলের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে উদ্বৃত করে জানিয়েছেন, শনিবার তাজুল ইসলামকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় আইনশৃংখলা রক্ষাকারী দলের সদস্যরা। সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়।(সমন্বিত)

মামলার বাদী তাজুল ইসলাম ফারুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তৎকালীন ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারের বিরুদ্ধে দন্ডবিধি ৩৮৫, ৩৮৫, ৩৮৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। সোমবার বিকেল সাড়ে চারটায় তেজগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নং ৩০/২৬১। এজাহারে তাজুল ইসলাম ফারুকের ঢাকার ঠিকানা দেখানো হয়েছে গুলশানের সড়ক নং ৯৬, বাড়ি ৩/এ, ফ্লাট ৪/এ।

তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নুরপুর। বাবা মরহুম কাজী সিরাজুল ইসলাম চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে ফারুক ছোট। বড় ভাই কাজী শফিকুল ইসলাম যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

১৯৮০ সালের দিকে কাজী তাজুল ইসলাম ফারুক তার নিজ এলাকা অলিপুরের একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ‘দি নূরপুর ইন্ডাস্ট্রিজ’ নামে একটি ধানের বয়লার স্থাপন করেন। ২/১ বছর চলার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

তাজুল মামলায় বলেছেন, ১৯৯৬ সালে সেসময়কার আওয়ামী লীগ সরকার বার্জ মাউনন্টেড বিদ্যুত প্লান্ট স্থাপনের মাধ্যমে দেশের বিদ্যুত চাহিদা মেটানোর উদ্যোগ নেয়। তিনি তখন মালোয়েশিয়া ভিত্তিক ওয়েস্ট মাউন্ট অফসোর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বাংলাদেশে বিদ্যুত কেন্দ্র স্থাপনে উৎসাহিত করেন। মালোয়েশিয়া ভিত্তিক কোম্পানিটি রাজি হলে ঢাকার ৫৪ নিউ ইস্কাটনে অফিস নিয়ে যৌথভাবে ‘ওয়েস্ট মাউন্ট অফসোর বাংলাদেশ লিমিটেড’ গঠন করা হয়। তাজুল ইসলাম কোম্পানিটির বাংলাদেশ প্রধান এবং মালোয়েশীয় নাগরিক হাংবাং ও সিওবাইসিং পরিচালক নিযুক্ত হন।

পরে ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর পিডিবি খুলনা, হরিপুর, শিকলবাহা এবং বাঘাবাড়িতে বার্জ মাউনন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে তাজুলের কোম্পানিসহ আরো কয়েকটি কোম্পানি দরপত্র জমা দেয়। দরপত্র যাচাই শেষে ১৯৯৭ সালের ১৩ মার্চ পিডিবি প্রকল্প স্থাপনের জন্য ‘ওয়েস্ট মাউন্ট অফসোর বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি সাক্ষর করে। চুক্তি অনুযায়ী ওয়েস্ট মাউন্ট সকল প্রক্রিয়া শেষ করে বার্জ মাউন্টেড বিদ্যুত প্লান্ট বাংলাদেশে আনার প্রস্তুতি নেয়। কিন্তু ১৯৯৮ সালের বন্যার কারণে ওই প্লান্ট বসাতে কিছুটা বিলম্ব হয়।

বাদীর অভিযোগ, ১৯৯৮ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদার তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। দুদিন পর ২৪ জুলাই দুপুর সাড়ে ১২ টায় মানু মজুমদার তাকে ফোন করে বলেন, ব্যবসা রক্ষা করতে হলে তার নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

তাজুল ইসলাম দাবি করছেন, ভয় পেয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে বলেন মানু মজুমদারকে।

বাদীর দাবি, পরে ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি মানুকে নিয়ে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় চাঁদা না দিলে বার্জ মাউনন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের হুমকি দেন শেখ হাসিনা। এতে ভয় পেয়ে তিনি কিছু টাকা চাঁদা দিতে রাজী হন।

“কিন্তু শেখ হাসিনা পুরো তিন কোটি টাকা চাঁদা না দিলে চুক্তি বাতিল করা হবে বলে জানিয়ে দেন। আর চাঁদা না দিলে শুধু কার্যাদেশ বাতিল নয়, হাত-পা ভেঙ্গে পঙ্গু করে জেলে পাঠানো হবে বলেও শেখ হাসিনা হুমকি দেন।”-অভিযোগ তাজুল ইসলামের।

তিনি মামলায় জানিয়েছেন, বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে দেরী হওয়ায় পিডিবি ৯/১২/৯৮ তারিখে চুক্তি বাতিলের জন্য অনুমতি চেয়ে বিদ্যুত মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এরপর ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় তাজুল ইসলাম গণভবনে গিয়ে মোট তিন কোটি টাকা (সব পাঁচশ টাকার নোট, প্রতি বান্ডিলে ৫০ হাজার টাকা করে ছয়শ’ বান্ডিল) একটি বড় সুটকেসে ভরে শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। এ সময় মানু তার সঙ্গে ছিলেন।

চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার ফলে চুক্তিটি আর বাতিল করা হয়নি। কাজ শেষে ২৬ জুন বিদ্যুত কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং ৩ আগস্ট শেখ হাসিনা কেন্দ্রটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মামলার বাদি এজাহারে বলেছেন, “শেখ হাসিনা মানুর সহযোগিতায় অন্যায়ভাবে তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতা অপব্যবহার করে এবং জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে চাঁদা নিয়ে মানসিক ও আর্থিকভাবে আমাকে ক্ষতিগ্রস্থ করেছেন। এছাড়া জাতি হিসেবে আমাদেরকে বিদেশী পার্টনারের কাছে হেয় প্রতিপন্ন করেছেন। এ ঘটনা আমার বিদেশী পার্টনাররাও অবগত আছেন।”

বাদী তাজুল আরো জানিয়েছেন, আসামীদের সঙ্গে বেআইনী অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের সম্পর্ক থাকায় এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অনেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় মামলা দায়ের করার সাহস পেয়েছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নিজেই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

মামলার আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে কোরিয়ান যুদ্ধজাহাজ এবং রাশিয়ান মিগ-২৯ উড়োজাহাজ ক্রয়ে দূর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। জোট সরকার মামলা দুটি দায়ের করে।