সোমবার চার জেলায় যাচ্ছেন দুদক চেয়ারম্যান
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সারাদেশ সফর কর্মসূচির প্রথমে সোমবার উত্তরবঙ্গের চার জেলায় যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
কমিশন সূত্রে জানা গেছে, হাসান মশহুদ সোমবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুর যাবেন। এক দিনেই তার এই চার জেলা সফর শেষ হবে।
তিনি এই জেলাগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
সফর প্রসঙ্গে হাসান মশহুদ চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “দুর্নীতি দমনই বড় কথা নয়। এর পাশাপাশি দুর্নীতি প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই এই সফর। পরবর্তী সময়ে অন্যান্য জেলাগুলোতেও কমিশনের পক্ষ থেকেএমন সফরের আয়োজন করা করা হবে।”
