২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারকে ‘সেনা সমর্থিত’ বললেন ব্যারিস্টার মইনুল

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনলু হোসেন বর্তমান অর্ন্তবর্তী সরকারকে ‘সেনা সমর্থিত’ বলেছেন। শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সমিতি আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ সনদ বিতরণের অনুষ্ঠানে উপদেষ্টা মইনুল বলেন, “বর্তমান সরকার অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। তাদের এ কাজে সেনাবাহিনী পেছন থেকে সহযোগিতা করছে বলেই দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করে ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে।”

দুর্নীতির ব্যাপক বিস্তারের ফলে খুবই সংকটের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে জানিয়ে তিনি বলেন, “দেশে দুর্নীতিবাজ কিছু লোক থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দুর্নীতির

বিস্তার হওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

“রাজনীতির নামে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা হয়েছিল। রাজনীতি বন্ধ করার পরই শান্তি এসেছে। অর্থনৈতিক উন্নতি এতো তাড়াতাড়ি সম্ভব নয়। তবে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নতি সম্ভব।”

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, “অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ন্যায় ভিত্তিক সরকার গঠনই এ সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন আমরা সবাই চাই। নির্বাচন হতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনার কোনো স্থায়ী কাঠামো হতে পারে না। সরকার নির্বাচন বিলম্বিত করতে চায় না। তবে নির্বাচন অর্থবহ করার জন্য অনেকগুলো কাজ করতে হবে।”

উপদেষ্টা বলেন, “কোনো হিংসা বিদ্বেষ থেকে নয়, দেশ পরিচালনায় নীতি, মূল্যবোধ ও সততা ফিরিয়ে আনার জন্য সরকার দুর্নীতিবাজদের ধরছে। এ ব্যাপারে সরকার সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে।”

তিনি শত্রুতার জের ধরে উদ্দেশ্যপ্রণোদিত কোনো কিছু না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।