আমি ষড়যন্ত্রের শিকার: মেয়র কামরান
সিলেটের সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, “জনতার কামরান জনতার কাছে ফিরে আসবেই। মানুষের ভালোবাসাই আমার সম্বল। আমি ষড়যন্ত্রের শিকার।”
শুক্রবার সকালে কারাগারে যাওয়ার কিছুক্ষণ আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন। সিলেটে আলোচিত ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত মেয়র নগরীর ছড়ারপাড় এলাকায় নিজের বাসাতেই (সুগন্ধা-৬৫) ছিলেন।
যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে এ খবর পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা প্রায় সারা রাত মেয়রের বাসায় কাটান। এ সময় মেয়রের অনেক শুভাকাক্সক্ষীও জড়ো হন সেখানে।
রাত সাড়ে ১১টায় মেয়র কামরান তার শোবার ঘর থেকে বেরিয়ে এসে স্ত্রী আসমা কামরানকে সঙ্গে নিয়ে উপস্থিত সাংবাদিক, ওয়ার্ড কমিশনার ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি বলেন, “আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। আমার বিশ্বাস আমি সুবিচার পাবো।”
ভোর পৌঁনে ছয়টার দিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূরের নেতৃত্বে একদল পুলিশ দুটি পিকআপ ভ্যানে করে মেয়রের বাসায় উপস্থিত হন। তারা তাকে গ্রেফতারের কথা বললে মেয়র দু’রাকাত নফল নামাজ পড়ার জন্য সময় চেয়ে নেন। নামাজ শেষে মেয়র পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে পুলিশের সঙ্গে চলে যান।
আবদুন নূর জানান, মেয়রকে গ্রেফতার করে প্রথমে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে সকাল ১০টায় তাকে কারাগারে পাঠানো হয়।
বদরউদ্দিন আহমদ কামরানকে গ্রেফতারের পর তার দল আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকে শুক্রবার থানা বা আদালতে দেখা যায়নি। তবে কয়েকজন আইনজীবী আদালতে মেয়রের পাশে ছিলেন।
আলোচিত কিচেন মার্কেট দুর্নীতি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমতি ও দরপত্র ছাড়াই ২০০০ সালের ২১ মে ওই মার্কেটের বন্দোবস্ত দিয়ে মামলার ১৯ আসামী প্রায় ২৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
অভিযুক্তদের মধ্যে ওয়ার্ড কমিশনার ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদকে আগেই আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
মামলার অন্য আসামীরা হলেন, তৎকালীন সিলেট পৌরসভার নির্বাহী প্রকৌশলী পদ্মসেন সিনহা, ভাণ্ডাররক্ষক সাইফুল আলম, কমিশনার সৈয়দ আহমদ, প্রদীপ ভট্টাচার্য, আবদুল কাইয়ুম জালালী পংকী, আজহারউদ্দিন জাহাঙ্গীর, আবদুল ওদুদ খালেদ, ওলিউর রহমান চৌধুরী, শান্তনু দত্ত সন্তু, হুমায়ূন কবির শাহীন, মকসুদ বখত, বিধান কাপালী, সালেহউদ্দিন আহমদ চৌধুরী, সাজ্জাদুর রহমান, সৈয়দ মিছবাহউদ্দিন, হাজি ফারুক আহমদ ও মো. শাহজাহান।
