রূপগঞ্জে শিল্পপতি ব্যবসায়ী খুন
রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি গোলাম কিবরিয়ার (৪৫) লাশ বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ সোনারগাঁও উপজেলার আমবাগ এলাকা থেকে উদ্ধার করেছে।
পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ১১ টায় কয়েকজন যুবক গোলাম কিবরিয়াকে নওয়াপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তার সঙ্গে ৮০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিল বলে জানা গেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলার আমবাগ এলাকার রাস্তার পাশ থেকে গোলাম কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়। বুধবার বেলা ৩ টা পর্যন্ত গোলাম কিবরিয়ার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল।
ধারনা করা হচ্ছে, এরপরে কোনো এক সময়ে ঘাতকরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সোনারগাঁও ফেলে রেখে যায়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত করা হয়েছে।
জানা গেছে, নিহত গোলাম কিবরিয়া রূপগঞ্জ উপজেলার তারাবো নওয়াপাড়া এলাকার মৃত আয়েত আলীর ছেলে। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের খালাতো ভাই। রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় তার অনেক জমিজমা রয়েছে।
এ ছাড়া তিনি পাওয়ার লুম কারখানা এ কে টেক্সটাইল মিলের মালিক। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি অনেক জমি-জমার মালিক হন।
পুলিশ সূত্র জানায়, যে যুবকরা গোলাম কিবরিয়াকে ডেকে নিয়ে গিয়েছিল পুলিশ তাদের সনাক্ত করার চেষ্টা করছে। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
