২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোর্টে ভাংচুরের মামলা ৯ মে পর্যন্ত স্থগিত

সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনায় ড. কামাল হোসেনসহ ১২ শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ৯ মে পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন খারিজ করা হবে না, সরকারকে তার কারণ দেখাতে বলেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বুধবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ড. কামাল হোসেনসহ ১২ শীর্ষ আইনজীবীর দায়ের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়। আগামী ৮ মে বিষয়টির ওপর পরবর্তী আদেশ দেওয়ার তারিখ ধার্য করে আদালত।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নেওয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি স্থগিতকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর সুপ্রিমকোর্টে এই ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিনই কোর্ট কিপার নুরুল ইসলাম শাহবাগ থানায় ভাংচুরের মামলা দায়ের করেন। ৪ ডিসেম্বর ব্যারিস্টার ওমর সাদাত একই ঘটনায় ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে সিএমএম আদালতে ভাংচুরের আরেকটি মামলা করেন।

পুলিশ গত ২১ ডিসেম্বর এ মামলায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ ১২ শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২১ মার্চ ড. কামাল হোসেনসহ ১২ আইনজীবী হাইকোর্টে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজের আবেদন জানান। এর শুনানিকালে আদালত ১২ আইনজীবীর কৌঁসুলী সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কাছে জানতে চান জরুরি ক্ষমতা আইনের আওতায় এ আবেদন শুনানি করা যায় কিনা।

এর জবাবে মাহমুদুল ইসলাম বলেন, “মামলাটি এ আইনের আওতায় পরে না। তাই আদালতের শুনানির এখতিয়ার রয়েছে।”

সরকারপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আবদুল বাসেত বলেন, “জরুরি ক্ষমতা আইনের আওতায় এ ধরনের মামলা শুনানির এখতিয়ার হাইকোর্টের নেই।”