ঢাকা ও রাজশাহীতে র্যাবের অভিযানে জাল টাকা তৈরী কারখানা আবিস্কার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঢাকা ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর যন্ত্র এবং বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও বাংলাদেশী টাকা উদ্ধার করেছে।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৪৯ হাজার দুইশ’ ভারতীয় রুপি, ৫০ হাজার জাল টাকা, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি আইপিএস, ২০ টি সিডি এবং বিপুল পরিমাণ জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম।
এ ব্যাপারে জড়িত অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর একটি দল রোববার শহরের নিউমার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী জাল টাকার নোটসহ আমিনুল (৩০) এবং মাসুদ (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা সোমবার ও মঙ্গলবার ঢাকার কাটাবন ও মিরপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট এবং জালনোট তৈরীর মেশিনপত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করে।
এরা হলো মোঃ আব্দুর রশীদ (৪২), মোঃ সেলিম হোসেন (৪০), মোঃ কামাল হোসেন (৩৭), মোঃ শফিউল্লাহ সরকার (২০), মোঃ সাইফুল ইসলাম (৩১) এবং বাবর আলী সরকার (২২)।
