ছিনতাই করতে গিয়ে পুলিশের এএসআইসহ আটক পাঁচ
চার ছিনতাইকারীর সঙ্গে দল পাকিয়ে ছিনতাইয়ে নেমেছিলেন মতিঝিল থানার এক এএসআই। মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলার মোড়ে একটি মানি একচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের সময় সদলবলে নিজ থানার পুলিশের হাতেই ধরা পড়েছেন এএসআই মনির হাসান।
আটক এএসআই মনির হাসানসহ পাঁচ ছিনতাইকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতিঝিল থানা পুলিশ জানায়, ১৩০ ফকিরাপুলের গ্রীন লাইন মানি চেঞ্জারের কর্মকর্তা জাকির হোসেন দুপুর দেড়টার দিকে মতিঝিলের একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩ লাখ ৪৪ হাজার আটশ’ টাকা তুলে রিকশায় নিজ কার্যালয়ে ফিরছিলেন। পথে দৈনিক বাংলার মোড়ে গাঢ় নীল রঙের একটি মাইক্রেবাসের (ঢাকা মেট্রো গ-১২-৮৮৪৪) পাঁচ আরোহী রিকশার গতিরোধ করে। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে জাকির হোসেনকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। রিভলবার ঠেকিয়ে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে জাকির চিৎকার দেন। রিভলবারটি ছিল এএসআই মনির হোসেনের।
চিৎকার শুনে এএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল মাইক্রোবাসসহ পাঁচজনকেই আটক করে। এদের দলনেতা হিসেবে এএসআই ইসমাইল হোসেনের পরিচয় প্রকাশ হয়ে পড়ে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো মো. সাইফুল ইসলাম (২৪), মো. আব্দুল হাই (৪৭), মো. জামাল হোসেন (২৮) এবং মো. মনির হোসেন (২৪)।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রুস্তম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে জাকির হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির মতিঝিল অঞ্চলের সহকারি কমিশনার পংকজ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে পঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। আগামীকাল এ ব্যাপারে শুনানি হবে।
ছিনতাইয়ের কাজে ব্যবহার করা সরকারি রিভলবারটি জব্দ করা হয়েছে বলে সহকারি কমিশনার জানান।
