২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার যথার্থতা খতিয়ে দেখছে সরকার: শিক্ষা উপদেষ্টা

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া কওমি মাদ্রাসা সনদকে সরকারি স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চারদলীয় জোট সরকারের সিদ্ধান্তের যথার্থতাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, “পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে সরকার। এরই মধ্যে বেশকিছু বিষয় চিহ্নিত করা হয়েছে।”

আইয়ুব কাদরী বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মাঝে মাঝে পরিবর্তন করা হয়। বিকৃত ইতিহাস সংশোধন করে সঠিক ও নির্ভুল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে পুরোদমে কাজ চলছে।”

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেখ মুজিবুর রহমান নামের আগে বঙ্গবন্ধু না লেখা, স্বাধীনতার ঘোষক ও তারিখ নির্ধারণ, বিভিন্ন জাতীয় নেতাদের পরিচয়ের ব্যাপারে বৈষম্য ইত্যাদি বিষয়কে পাঠপুস্তকে উল্লেখযোগ্য ইতিহাস বিকৃতি হিসাবে চিহ্নিত করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের জানান, কওমি মাদ্রাসা সনদকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চারদলীয় জোট সরকারের সিদ্ধান্তের যথার্থতা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরে এ ব্যাপারে পদক্ষেপ নেবে সরকার।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তিনি বলেন, স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন সংশোধন করা হচ্ছে। এ ব্যাপারে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে এবং এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানদণ্ড নির্ধারণ করা হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা চালুর বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অনিয়ম রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। ইতোমধ্যে এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পাবলিক সার্ভিস কমিশনে নানা অনিয়ম ও অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “বর্তমান সরকার পিএসসি পুনর্গঠনের চিন্তাভাবনা করছে।”