২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে সরকারি গাছ কাটা ও জমি দখলের অভিযোগে রাজশাহীতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে তানোরের চান্দুরিয়া গ্রামের হারুন রশিদ বাদী হয়ে জনস্বার্থে সোমবার রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া জমি দখলের অভিযোগে মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ি থানায় আরও একটি মামলা করেন গোদাবাড়ি সদরের রামনগর এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোলাম মোস্তফা।

হারুন রশীদের দায়ের করা মামলায় আমিনুল হক ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মন্ডুমালার পৌরসভার চেয়ারম্যান শীশ মোহাম্মদ, চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজ উদ্দিন, চান্দুরিয়া এলাকার কেরামত আলী ও আব্দুল করিমকে আসামী করা হয়েছে।

মামলা দায়েরের পর তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে কেরামত আলী ও আব্দুল করিমকে আটক করেছে।

বাদী হারুন রশিদ মামলার এজাহারে বলেছেন, “ব্যারিস্টার আমিনুল হক ও শীশ মোহাম্মদের নির্দেশে অন্যান্য আসামীরা চান্দুরিয়া আরাজি গ্রামের রাস্তার দুই পাশের এক লাখ ৩০ হাজার দামের সরকারি গাছ অবৈধ ভাবে কেটে বিক্রি করেছে। সে সময় গ্রামবাসী বাধা দিলেও তারা শোনেননি।”

তানোর থানার এস আই সহিদুল ইসলাম জানান, হারুন রশিদ সোমবার রাতে মামলাটি দায়ের করেন। কেরামত আলী ও আব্দুল করিমকে দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার সকালে গোদাবাড়ি সদরের রামনগর এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোলাম মোস্তফা জমি দখলের অভিযোগ এনে গোদাগাড়ি থানায় আরও একটি মামলা দায়ের করেন।

গোদাগাড়ি থানা পুলিশ জানায়, আমিনুল হক ছাড়াও এই মামলায় গোদাগাড়ি পৌরসভার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ডাইং পাড়া (গোদাগাড়ি সদর) বণিক সমিতির সভাপতি আশরাফুল হক দুলালসহ নয়জনকে আসামী করা হয়েছে।

গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমিনুল হকের মদদে গত বছরের ১৩ মার্চ আসামীরা ডাইং পাড়ায় তার ১৩ শতাংশ জমি দখল করতে জোর করে একটি চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে নেয়। এর পর থেকে আসামীরা ওই জমি দখল করে আছে।

তিনি বলেন, “ওই সময় জোট সরকার ক্ষমতায় থাকায় ভয়ে আসামীদের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, উচ্চবাচ্য করাও সম্ভব হয়নি।”

গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাককে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে ৩০ মার্চ রাতে বাগমারা থানায় একটি মামলা এবং ১ এপ্রিল নাটোরের নলডাঙ্গা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে আমিনুল হকের বিরুদ্ধে। এ নিয়ে আমিনুল হকের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হলো।