এসিড নিয়ন্ত্রণ তহবিলে বরাদ্দ করা অর্থ এবার হয়তো ছাড় পাবে
জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিলের জন্য ২০০৩ সালে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ করা দুই কোটি টাকা চার বছর আটকে থাকার পর এবার হয়তো ছাড় পেতে পারে। অবিলম্বে ওই অর্থ ছাড় দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তাগাদা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় দীর্ঘদিন বরাদ্দ অর্থ আটকে থাকার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিল্প, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এরপরই তিনি তা শিগগিরই ছাড়ার জন্য অর্থমন্ত্রণালয়কে তাগাদা দেন। একইসঙ্গে উপদেষ্টা কাউন্সিলের কর্মকান্ড অব্যাহত রাখতে তহবিল সংগ্রহে দাতা (ডোনার) খুঁজে বের করতে কাউন্সিলের সদস্য ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় দেশের ১০টি চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপদেষ্টা এ সময় এসিড আক্রমণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং মামলার তদন্তে ইচ্ছাকৃত গাফিলতির জন্য তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এছাড়া সভায় এসিড আক্রান্তদের ক্ষতিপূরণ আদায় ও আইনগত সহায়তা দিয়ে জেলা পর্যায়ে সরকারি কৌঁসুলিদের জন্য বিশেষ ওরিয়েনটেশন এবং এসিড আক্রান্ত অথবা অগ্নিদদ্ধ রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসক ও সেবিকাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়।
উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রসচিব আব্দুল করিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশে সহকারি মহাপরিদর্শক (এআইজি) মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা যোগ দেন।
সভায় কাউন্সিলের সদস্য হিসেবে একজন বিশেষজ্ঞ এবং এনজিও প্রতিনিধি হিসেবে এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) একজন করে প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা হয়।
