তদন্তে গাফিলতির অভিযোগে ডিএমপির পরিদর্শক বরখাস্ত, সহকারি কমিশনার বদলি
মামলা তদন্তে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগে সোমবার গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং এক সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে।
এরা হলেন পরিদর্শক মোঃ শাহনুর আলম ও সহকারি কমিশনার মোঃ মোজ্জামেল হক। মোজাম্মেল হককে রাঙ্গামাটির পঞ্চম বারবুনিয়ায় এপিবিএনে বদলি করা হয়েছে।
মতিঝিল থানায় দায়ের করা রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী গোলাম হায়দার হত্যা মামলার তদন্তে গাফিলতির কারণে সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর গোলাম হায়দার খুন হন। পুুলিশ টেলিকমের হিসাব রক্ষক মোঃ লতীফের বাড়িতে গলা কেটে তাকে হত্যা করা হয়। ওই দিনই মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোঃ আনছারী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় ডিবির পরিদর্শক মোঃ শাহনুর আলমকে। কিন্তু শাহনুর আলম এবং ডিবির ওই জোনের সহকারি কমিশনার মোঃ মোজ্জামেল হক তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি করছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি ও আসামির পক্ষাবলম্বনের অভিযোগে পুলিশ সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
