২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতপুরে ক্লিনিকে অভিযান, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

দৌলতপুরের ক্লিনিকগুলোতে যৌথবাহিনীর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি কয়েকটি ক্লিনিককে জরিমানাও করেছে। অভিযানের খবর পেয়ে বেশকিছু অবৈধ ক্লিনিক তালা মেরে পালিয়ে গেছে মালিকরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

দুপুর একটায় যৌথবাহিনীর সদস্যরা দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে দৌলতপুর বাজারে অভিযান চালায়। এ সময় তারা একিউএম আব্দুল হান্নান নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করাসহ কিছু সরঞ্জাম ও ওষুধ জব্দ করে। ওই ভুয়া চিকিৎসক নিজেকে চক্ষু বিশেষজ্ঞ দাবি করে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

যৌথবাহিনী নিউ সেবা ক্লিনিক ও তারাগুনিয়া ক্লিনিকে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানের খবর পেয়ে বাকি আটটি ক্লিনিক বন্ধ করে দিয়ে মালিকরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম আনোয়ার জানান, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।