মাছে ফরমালিন পরীক্ষা ও বার্ড ফ্লু সনাক্ত করতে কীটবাক্স দিয়েছে এফএও
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মাছে ফরমালিন পরীক্ষা এবং বার্ড ফ্লু সনাক্তকরণের লক্ষ্যে সরকারের কাছে বিভিন্ন সামগ্রীসহ কীটবাক্স হস্তান্তর করেছে।
মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা সিএস করিম সোমবার মন্ত্রণালয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ মিশন প্রধান এডি স্পাইকার্সের কাছ থেকে কীট সামগ্রী গ্রহণ করেন। সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা সিএস করিম আশাবাদ ব্যক্ত করে বলেন, মাছের ফরমালিন সনাক্তকরণ এবং বার্ড ফ্লু ভাইরাস পরীক্ষায় এই কীটসামগ্রী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, বার্ড ফ্লু পরীক্ষায় প্রদত্ত কীট সামগ্রী দেশের সাতটি পরীক্ষাগারে দেওয়া হবে।
বার্ড ফ্লু পরীক্ষায় দেশের বিদ্যমান সাতটি পরীক্ষাগারের দ্রুততম সময়ের মধ্যে মানোন্নয়ন করা হবে বলেও উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। দাতা সংস্থাগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি বার্ড ফ্লু নিয়ন্ত্রণে উপদেষ্টার নিরলস ভূমিকার প্রশংসা করেন।
