২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর বিড়ম্বনা নয়

বিদেশ গমনেচ্ছুদের বিড়ম্বনা এড়াতে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-ওয়ান স্টপ’ সার্ভিস চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার নাইম আহমেদ এবং যুগ্ম-কমিশনার আবদুল জলিলসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২৫ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়। যেসব বাংলাদেশি নাগরিক চাকরির জন্য বিদেশ যেতে চান এবং সেখানে অবস্থান করে অভিবাসী হতে চান তাদের জন্য ওই দেশের শর্ত অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়।

ডিএমপি কমিশনার জানান, নতুন এ সেবার আওতায় আবেদনকারীকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ডিএমপি সদর দপ্তরে কমিশনার বরাবর আবেদন করতে হবে। থানা ও ডেপুটি কমিশনার কার্যালয়ের কাজ শেষে ডিএমপি সদর দপ্তর আবেদনকারীর কাছে ক্লিয়ারেন্স সার্টিফিকেট হস্তান্তর করবে।

এর আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদনকারীদের থানায় এবং ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে যেতে হতো। একাধিক দপ্তরে যাতায়াত এবং সেখানে অপেক্ষার কারণে আবেদনকারীরা নানারকম হয়রানির শিকার হতেন। কিন্তু বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস চালুর ফলে তাদের হয়রানি দূর হবে এবং দ্রুততম সময়ে আবেদনকারীরা সেবা পাবেন।